ভিসা জটিলতায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পাওয়া স্কটল্যান্ডের

শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও প্রস্তুতি ও আনুষঙ্গিক জটিলতায় পড়েছে স্কটল্যান্ড দল। খেলোয়াড়দের ভারত যাত্রার ভিসা প্রক্রিয়া, জার্সি প্রস্তুত না হওয়া এবং স্পন্সর সংকট সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে ক্রিকেট স্কটল্যান্ড।

বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফসহ কয়েকজন খেলোয়াড়ের ভিসা দ্রুত সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এসব জটিলতার মধ্যেও ভারত পৌঁছাতে কোনো বিলম্ব হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।

বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই দিন-রাত কাজ করে যাচ্ছে স্কটিশ ক্রিকেট বোর্ড। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে সরে দাঁড়ায় বাংলাদেশ। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর প্রস্তাব আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

অংশগ্রহণকারী নয় এমন দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে (১৪তম) থাকায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার ফোন পাওয়ার পর থেকেই প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান লিন্ডব্লেড।

তিনি বলেন, ‘আমন্ত্রণ পেয়ে আমরা রোমাঞ্চিত, তবে পরিস্থিতি সত্যিই ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং। তবুও সময়মতো সব খেলোয়াড়কে পাঠাতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।’

বিশ্বকাপ সামনে রেখে দ্রুত বড় কোনো স্পন্সর যুক্ত করার চেষ্টা চলছে। নতুন জার্সি সময়মতো পাওয়া নিয়েও আশাবাদী স্কটল্যান্ড। তবে তা সম্ভব না হলে নিয়মিত ক্রিকেট স্কটল্যান্ডের জার্সিতেই খেলতে পারে দলটি।

বাংলাদেশের নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট খেলবে স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। আপাতত সেই ম্যাচ পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন না লিন্ডব্লেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights