ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর শহরের কলাতলা এলাকায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের কলাতলা এলাকার মনু বেপারীর স্ত্রী লাকি আক্তারের (৩০) প্রসব বেদনা উঠলে বুধবার রাতে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ভিজিটর তাসলিমা বেগম একটি কন্যা শিশু প্রসব করান। পরবর্তীতে রোগী লাকি বেগমকে গুরুতর অসুস্থ দাবি করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাকি আক্তার মারা যায়। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ভিজিটর তাসলিমা বেগম রোগী লাকির নাড়িভুরি টেনে ছিঁড়ে ফেলেছে। এতেই লাকি মারা গেছে। পরে এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালায়। হাসপাতাল ভাঙচুরের ঘটনা শুনে মাদারীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত নারীর স্বামী মনু বেপারী জানান, আমার স্ত্রীকে তাসলিমা মেরে ফেলেছে। মারা যাওয়ার পর তাকে দাফন করার আগে গোসল করানো সময় মহিলা দেখেন আমার স্ত্রীর নাড়িভুরি টেনে ছিঁড়ে ফেলেছে। নাড়িভুরি টেনে ছিঁড়ে ফেলার কারণেই আমার স্ত্রী মারা গেছে। আমি তাসলিমার বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতাল ভাঙচুরের ঘটনা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ স্বাভাবিক।
মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ডা. আমেনা খাতুন বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ সঠিক নয়। এখানকার ভিজিটর সঠিক চিকিৎসাই দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights