ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরাতে আলোচনায় আগ্রহী মাচাদো

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, গত জানুয়ারিতে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সঙ্গে সংলাপে বসতে তিনি অটল অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার পথেই এগোতে চান তিনি।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন দাবি করে আসছিল, ২০২৪ সালের নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্দো গঞ্জালেজ উরুতিয়া বিজয়ী হয়েছেন। যদিও ওই নির্বাচনে মাদুরোকেই আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

পানামা থেকে দেওয়া এক বিবৃতিতে মাচাদো যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, যাতে তারা ‘ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক আলোচনায়’ সহায়তা করে।

তিনি বলেন, ‘এই আলোচনার মূল উদ্দেশ্য হলো স্বাধীন, স্বচ্ছ ও সার্বভৌম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন নিশ্চিত করা।’

গত জানুয়ারিতে কারাকাসে অভিযান চালিয়ে তৎকালীন নেতা মাদুরোকে আটক করার অনুমোদন দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরপর থেকেই ট্রাম্পের ভেনেজুয়েলা-সংক্রান্ত পরিকল্পনার প্রতি আস্থা প্রকাশ করে আসছেন মাচাদো।

গত শনিবার তিনি জানান, ভবিষ্যতে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি প্রার্থী হবেন। তবে সেই নির্বাচনের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।

পানামায় ভেনেজুয়েলীয় প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি প্রার্থী হব।’

মার্কিন সামরিক অভিযানের পর থেকে দেশটি পরিচালনা করছেন মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তখন নতুন নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে এখনো ভোটের কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

বর্তমানে নির্বাসিত মাচাদোকে ভেনেজুয়েলা সরকার পলাতক হিসেবে বিবেচনা করে এবং তিনি দেশের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গত ডিসেম্বরে নরওয়ের অসলোতে প্রকাশ্যে দেখা যায় মাচাদোকে। সেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। চলতি বছরজুড়ে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি।

মাচাদো জানান, তিনি আবারও ভেনেজুয়েলায় ফিরতে চান। তবে কবে ফিরবেন, বিবৃতিতে তা উল্লেখ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights