ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে: মাচাদো

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন চলতি বছরের শেষের দিকে তার দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।

মাচাদো বলেন, ‘আমরা বিশ্বাস করি, হাতে গণনা করা ভোটের মাধ্যমে একটি বাস্তব ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ৯ থেকে ১০ মাসের মধ্যে সম্পন্ন করা যেতে পারে। তবে সেটি নির্ভর করে কখন থেকে শুরু করা হচ্ছে তার ওপর।’

মাচাদোর দল দাবি করেছে, ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে তারা ৭০ শতাংশ ভোট পেয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শীর্ষ কূটনীতিক ও মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গেও কথা বলেন।

পলিটিকোকে মাচাদো বলেন, ‘আমাদের একটি বৈধ নেতৃত্ব রয়েছে, যার পক্ষে বিপুল জনসমর্থন আছে এবং আমাদের সশস্ত্র বাহিনীও গণতন্ত্রে রূপান্তরের পক্ষে রয়েছে।’

জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তিনি মাচাদোকে ‘কোনোভাবে যুক্ত করার’ বিষয়টি বিবেচনা করছেন—যদিও তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

মাচাদো জানান, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি এখনো ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেননি।

২৮ জানুয়ারি কংগ্রেসে এক শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের বলেন, ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগোচ্ছে। ওই দিনই পরে তিনি মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করেন।

রয়টার্স গত মাসে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলোতে প্রশ্ন তোলা হয়েছে—রোদ্রিগেজ তার দেশের জন্য নির্ধারিত কৌশলের সঙ্গে পুরোপুরি একমত কি না এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করতে চান কি না।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights