ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার এক বিরল সম্মান পেলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক প্রাণীর নাম রাখা হয়েছে তার নামে।

স্প্যানিশ গবেষক হেসুস ওর্তেয়া নতুন আবিষ্কৃত এই সামুদ্রিক মোলাস্কের নাম দিয়েছেন ‘আলদিসা ভোজিনহাই’। মাত্র চার মিলিমিটার আকারের লাল রঙের এই সামুদ্রিক প্রাণীটি আগে বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। এটি কিউবার হাভানা ও গুয়াদেলুপের কাছাকাছি ক্যারিবীয় সাগর এলাকায় আবিষ্কৃত হয়েছে।

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ভোজিনহার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে এই নামকরণ করেন ওর্তেয়া। ওই ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক সাতটি দুর্দান্ত সেভ করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

গবেষক জানান, কেপ ভার্দের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই তিনি এই নাম বেছে নিয়েছেন। ২০২৩ সালে দেশটির সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে কেপ ভার্দে সরকারের কাছ থেকে পরিবেশ বিষয়ক বিশেষ পদকও পেয়েছিলেন তিনি।

এর আগেও ফুটবল তারকার নামে প্রাণীর নাম রেখেছিলেন ওর্তেয়া। ২০১৯ সালে তিনি কোস্টারিকার সাবেক গোলরক্ষক কেইলর নাভাসের নামেও একটি নতুন সামুদ্রিক শামুকের নামকরণ করেছিলেন।

চলতি বিশ্বকাপে ভোজিনহা একাধিক রেকর্ড গড়েছেন। ৪০ বছর ১২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হওয়া কোনো দেশের হয়ে খেলতে নেমে তিনি সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হন। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দেও বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসে।

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে ভোজিনহার জনপ্রিয়তা। টুর্নামেন্ট শুরুর আগে তার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার, যা পরে বেড়ে কয়েক কোটিতে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights