ভোট কারচুপির বিরুদ্ধে সমাবেশের অনুমতি পাচ্ছে না পিটিআই
অনলাইন ডেস্ক
৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগের বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) জনসভা করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসলামাবাদ জেলা প্রশাসন।
ইসলামাবাদে ৩০ মার্চ ভোট পরবর্তী ফলাফলে কারচুপি এবং ‘সংবিধান থেকে বিচ্যুতি’র অভিযোগে
সমাবেশ করতে চেয়েছিল ইমরান খানের দল। নিরাপত্তার কারণ দেখিয়ে ইসলামাবাদ জেলা প্রশাসন সমাবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) জেলা প্রশাসনকে দুই দিনের সময়সীমা দেয় সমাবেশ নিয়ে সিদ্ধান্ত জানাতে। এরপর ইসলামাবাদ জেলা প্রশাসন জনসমাবেশ করার অনুমতি না দেওয়ার কথা জানাল।
এর আগে ইমরান খানের দল তাদের অনুরোধে সাড়া না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল এবং এই বিষয়ে তার আদেশ চেয়েছিল।
এক বিবৃতিতে পিটিআইয়ের আঞ্চলিক সভাপতি আমির মাসুদ মুঘল অনুমতি না দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘোষণা করেছেন– তার দল আবার আইএইচসির কাছে যাবে। তিনি বলেন, রাজধানীতেও যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনার সরকারে থাকার কোনো অধিকার নেই।
