ভোট কেন্দ্রে এসে ভাই হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে এসে ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান তিনি।

এ সময় তার হাতে ওসমান হাদির ছবিসহ একটি প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল- “আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।”

ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে প্ল্যাকার্ডটি উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে।

এ বিষয়ে মাসুমা হাদি বলেন, “আমার ভাইয়ের হত্যার বিচার আজও হয়নি। আমরা ন্যায়বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “১৭০০ শহীদ ও তিন হাজারের বেশি মানুষ অন্ধ হওয়ার মতো রক্তঝরার বিনিময়ে আজকের এই নির্বাচন হয়েছে। জুলাইয়ের পর আমার ভাইকে হত্যা করা হয়েছে। যে সরকারই আসুক, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার করতেই হবে।”

মাসুমা আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক হিসেবে ভোট দেওয়া যেমন দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও সাংবিধানিক অধিকার।”

তার এই প্রতিবাদ ঘিরে ভোটকেন্দ্রে কিছু সময়ের জন্য কৌতূহল ও আলোচনা তৈরি হলেও সার্বিক পরিবেশ শান্ত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights