ভোটের পরিবেশ নিয়ে জনগণের মাঝে শঙ্কা: মুফতি ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোটের পরিবেশ কেমন থাকবে তা নিয়ে জনগণ এবং ভোটররাও শঙ্কা প্রকাশ করছে বলে জানিয়েছেন বরিশাল-৫ আসনের প্রার্থী, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি বলেন, বিগত নির্বাচন সুষ্ঠু হয়নি। এ জন্য মানুষের মন থেকে ভয় এখনও কাটেনি। সবাই বলছে—‘ভোট নিতে পারবেন কি না, গণনা করতে পারবেন কি না, আমার যেতে পারব কি না, দখল হবে কি না।’ শুধু এই প্রশ্নটাই আছে।

সোমবার বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের বলব, একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারেন, তাহলে জনগণের আদালতে আপনাদের দাঁড়াতে হবে।

মুফতি ফয়জুল করিম আরও বলেন, এখন যেন নতুন করে কোনো রাজনৈতিক মামলা দেওয়া না হয়। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীকে আওয়ামী লীগের মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে। আর মাত্র কয়েক দিন বাকি। পরবর্তী সরকার যারা আসবে, তারা ব্যবস্থা নেবে। যারা ওয়ারেন্টের আসামি নয়, তাদের যেন গ্রেফতার করা না হয়। নির্বিঘ্নে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে। এখনই যদি ভয়-ভীতি সৃষ্টি করা হয়, তাহলে মানুষ ভোটকেন্দ্রে যাবে না। বিশ্ব দেখবে ভোট হয়নি। প্রশাসনের জন্য জরুরি, মানুষ যাতে ভোটকেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা করা।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, হাতপাখা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হব। নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত এলাকা গড়ব। দুর্নীতি সমস্ত উন্নয়নের বাঁধা; দুর্নীতি মুক্ত করতে পারলে সব উন্নয়ন স্বাভাবিকভাবে হবে।

নির্বাচন কমিশন প্রার্থীদের সময় দিতে পারেনি উল্লেখ করে মুফতি ফয়জুল করিম বলেন, নির্বাচন কমিশন এসে আমাদের ডেকে বলছে—সময় নেই। এটা কী কথা হলো? ডাকলে কেন? আমরা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমরা খুব ব্যথিত। আমরা তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম—নির্বাচন কিভাবে হবে, কিভাবে তারা দায়িত্ব পালন করবে। আমাদের মন খুলে বলার সুযোগ দেওয়া হয়নি, বরং চলে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights