ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
ভোলার চারটি সংসদীয় আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
তবে ভোলা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দিয়ে নৌকা প্রতীকের লোকজন প্রকাশ্যে সিল মেরেছে। এ বিষয়টি প্রশাসনকে জানানোর পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন।
অপরদিকে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোনো জনপ্রিয়তা নেই। তার কোনো কর্মী-সমর্থক নেই। সাংগঠনিকভাবে তার কোনো অবস্থানই নেই। সবকটি কেন্দ্রে তিনি এজেন্টও দিতে পারেননি। নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কাল্পনিক অভিযোগ করেছেন।
