ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের ৫৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র সীমান্ত পিলার ১৯৬/২-এস’র নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা পুশইন করে।

তিনি জানান, পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখা হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ২০২৩ হতে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের নিকট হস্তান্তর করে।

তিনি বলেন, পরবর্তীতে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে সীমান্ত পিলার ১৯৬/২-এস’র নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করে। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights