মঈন আব্দুল্লাহ চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা ও দলীয় কার্যালয়ের হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহর দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার বরিশাল মহানগর হাকিম নুরুল আমিন তার রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও এছাড়াও আরো দুটি পৃথক মামলায় তাকে (শোন এ্যারেস্ট) গ্রেফতার দেখানো হয়েছে।

আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার দুই তন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। মহানগর বিচারিক হাকিম দু-দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে। অপর দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তী তারিখে তারা জামিনের আবেদন করবে।

এর আগে গত ২৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিলো।

মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights