মন্ত্রীর গায়ে হলুদের গুঁড়া ছিটিয়ে দিলেন কোটার দাবিতে আসা ব্যক্তি (ভিডিও)

অনলাইন ডেস্ক

সম্পদ্রায়ের জন্য কোটা সংরক্ষণ বৃদ্ধির দাবি নিয়ে ভারতের মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ’র কাছে এসেছিলেন দুই ব্যক্তি। তখন এক ব্যক্তি মন্ত্রীর গায়ে হলুদ ছিটিয়ে দেন। আজ শুক্রবার সোলাপুর বিভাগের সরকারি রেস্ট হাউজে এ ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, রাখাল সম্প্রদায়ের ওই ব্যক্তি মন্ত্রীর হাতে একটি কাগজ দিয়েছেন। এরপর মন্ত্রী উঠে দাঁড়িয়ে সেটি পড়ছিলেন। তখন নিজের পকেট থেকে হলুদের গুঁড়া বের করে মন্ত্রীর মাথার ওপর সেগুলো ছিটিয়ে দেন তিনি।

এই ঘটনায় হতবিহ্বল হয়ে যান আশপাশের লোকজন। তারা ওই ব্যক্তিকে তখন টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মারেন।
ওই ব্যক্তির নাম শেখড় বাঙ্গালে। তিনি জানিয়েছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এ ব্যক্তি হুঁশিয়ারি দিয়েছেন রাখাল সম্প্রদায় স্কেজিউলড ট্রাইবের অধীনে আরও বেশি কোটার যে দাবি জানিয়ে আসছে, সেটি সরকারক মানতে হবে।

যদি তাদের দাবি না মানা হয়, তাহলে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের অনুষ্ঠানে কালো কালি ছুড়ে মারা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ জানিয়েছেন, হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়ার ঘটনায় তিনি কিছু মনে করেননি। কারণ ধর্মীয় রীতিনীতিতে হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। তিনি আরও জানিয়েছেন, যে ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights