ময়মনসিংহে রেললাইনের পাত খুলে ফেলার ঘটনা তদন্তে কমিটি
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
ঢাকা বিভাগীয় প্রকৌশলী সিরাজ উদৌল্লা জানান, আগামী তিন কার্য দিবসের মাঝে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে প্রাপ্ত দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এর আগে সোমবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে ঢোকার আগে জন্মেজয় এলাকায় ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ময়মনসিংহ রেলস্টেশন হয়ে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে সহস্রাধিক যাত্রী ছিল।
এ ঘটনায় দুপুরের ঢাকা-তারাকান্দি, তারাকান্দি-ঢাকা, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা, মোহনগঞ্জ-ঢাকা রুটের ট্রেন চলাচল বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
জন্মেজয় এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। তখন বাসা থেকে বের হয়ে দেখি যাত্রীরা হুড়োহুড়ি করে নামছে। এমন কাজ করা মানুষের দ্বারা সম্ভব নয়। আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। যারা রেলের পাত কেটেছে তারা দেশের শত্রু। তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
প্রকৌশলী সিরাজ উদৌল্লা বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। দুর্বৃত্তরা রেলের পাত খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বিকালের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।
