মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রাবাতের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) মরক্কোর দুই মন্ত্রীর সঙ্গে দেশটিতে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। এতে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।
কৃষিখাতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। প্রতিমন্ত্রী বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল।
