মসজিদের ইমাম নিয়োগ নিয়ে ইবিতে হট্টগোল
কুষ্টিয়া প্রতিনিধি
মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে হট্টগোল হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে নিয়োগ বোর্ডের পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বোর্ড বাতিলের দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তাদের একাংশ।
তুমুল হট্টগোলে বোর্ডের কার্যক্রম বন্ধ থাকলেও বিকাল ৪টার দিকে পুনরায় শুরু হয়। উপাচার্যের দাবি নিয়োগ নিয়ে কোনো অনিয়ম-দুর্নীতির সাথে যুক্ত নন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকল প্রকার নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেয় ইউজিসি। এ নিয়ে ইউজিসি তদন্ত কমিটিও গঠন করে।
কিন্তু মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ বোর্ডের কার্যক্রম শুরু করে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ জানতে পারলে তারা সরাসরি নিয়োগ বোর্ডে উপস্থিত হয়ে তা বন্ধের দাবি জানান।
একপর্যায় উপাচার্যের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং শিক্ষক-কর্মকর্তাদের একাংশ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এসময় বহিরাগত ছাত্রদের একাংশ নিয়োগ বোর্ডের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ-শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন।
