মস্কোর রেস্তোরাঁয় প্রাণঘাতী বোমা বিস্ফোরণ ছিল ‘সন্ত্রাসী হামলা’, বললেন মেয়র
অনলাইন ডেস্ক
উপহারের বাক্সে লুকিয়ে আনা হয়েছিল প্রাণঘাতী বোমা। আর সেই বোমার বিস্ফোরণেই শনিবার রাতে কেঁপে ওঠে রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁ। এতে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হন। এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।
শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে কুদরিনস্কায়া স্কয়ারের ‘বালজি রসি’ রেস্তোরাঁর বাইরে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রুশ সংবাদমাধ্যম কোমারসান্ট জানায়, সেখানে কড়া নিরাপত্তার মধ্যে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। একজন নারী কুরিয়ার হিসেবে একটি উপহারের বাক্স নিয়ে প্রবেশের চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষী তল্লাশি করতে গেলেই বোমাটি বিস্ফোরিত হয়। এতে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং এক গ্রাহক নিহত হন। হাসপাতালে আরও দুজনের মৃত্যুর খবর এলেও কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।
তদন্তকারীদের ধারণা, দূরনিয়ন্ত্রিত রিমোটের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বহনকারী নারী সম্ভবত জানতেনই না যে ওই বাক্সে কী আছে! বোমাটিতে এক কেজি টিএনটির সমান বিস্ফোরক ও প্রচুর ধাতব বল ছিল, যাতে বেশি মানুষের প্রাণহানি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিপুলসংখ্যক পুলিশ।
হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে মেয়র সোবিয়ানিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে। রাশিয়া এখনও ইউক্রেনকে দায়ী করেনি। তবে গত বছর ঠিক এভাবেই ভাস্কর্যের ভেতর বোমা লুকিয়ে এক রুশ ব্লগারকে হত্যা করা হয়েছিল।
