মহাকাশে ৮ মাস, যে বিশেষ মিশনে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো মহাকাশযাত্রা শুরু করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী অনিল মেনন। মঙ্গলবার কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেন তিনি।

স্থানীয় সময় রাত ৮টা ১৭ মিনিটে উৎক্ষেপণের পর মহাকাশযানটি তিন ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে আইএসএসের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। এ অভিযানে অনিল মেননের সঙ্গে রয়েছেন রুশ মহাকাশচারী পিওতর দুব্রভ ও আনা কিকিনা। তাদের দুজনের জন্য এটি দ্বিতীয় মহাকাশ অভিযান। তিন নভোচারী প্রায় আট মাস মহাকাশে অবস্থান করবেন এবং ২০২৭ সালে পৃথিবীতে ফেরার কথা রয়েছে।

মহাকাশে অবস্থানকালে তারা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত পরীক্ষা পরিচালনা করবেন। অনিল মেনন অণুমাধ্যাকর্ষণে মানবদেহের রক্তপ্রবাহ, শিরার গঠন ও রক্তের উপাদানের পরিবর্তন নিয়ে গবেষণায় অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পানযোগ্য পানি ব্যবহার করে শিরায় প্রয়োগযোগ্য তরল তৈরির প্রযুক্তিও পরীক্ষা করা হবে, যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানে কাজে লাগতে পারে।

নাসার তথ্য অনুযায়ী, তিনি অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আল্ট্রাসাউন্ড প্রযুক্তির পরীক্ষাতেও অংশ নেবেন।

৪৯ বছর বয়সী অনিল মেননের জন্ম যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে। তার বাবা ভারতীয় এবং মা ইউক্রেনীয়। তিনি নিউরোবায়োলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি একজন জরুরি বিভাগের চিকিৎসক এবং যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কর্নেল।

২০১৪ সালে নাসায় ফ্লাইট সার্জন হিসেবে যোগ দেন অনিল মেনন। পরে ২০১৮ সালে স্পেসএক্সে যোগ দিয়ে প্রথম মানববাহী মহাকাশ মিশন এবং স্টারশিপ কর্মসূচির উন্নয়নে কাজ করেন। ২০২১ সালের ডিসেম্বরে নাসার নভোচারী হিসেবে নির্বাচিত হওয়ার পর দুই বছরের প্রশিক্ষণ সম্পন্ন করে এবার প্রথমবারের মতো মহাকাশে পাড়ি দিলেন তিনি।

সূত্রঃ আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights