মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীর একটি ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার পর যানজটে ২৭ মিনিট আটকে ছিল ফায়ার সার্ভিসের গাড়ি। পরে ঘটনাস্থলে পৌঁছার পর মাত্র দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা।

রবিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ১০টি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে সেগুলো পথে আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। এরপর মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেছেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় দুটি ইউনিট। এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights