মাইলফলক থেকে ২ উইকেট দূরে তাসকিন

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর মাত্র দুই উইকেট শিকার করলেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) চলমান এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই শততম উইকেট শিকার করার চেষ্টা করবেন তাসকিন।

২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি।

এখন পর্যন্ত দেশের জার্সিতে সর্বমোট ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন তাসকিন।

তাসকিনের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন সাকিব ও মুস্তাফিজ। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ফিজ।

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিং গড়-২১ দশমিক ৮৭ এবং ইকোনমি ৭ দশমিক ৫৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights