মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের আয়ার কাজ করতেন।

তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে মাসুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

মৃত মাসুমার স্বামী সেলিম সংবাদমাধ্যমকে জানান, মাইলস্টোন স্কুলের আয়ার কাজ করতেন তার স্ত্রী। তিনি নিজে একটি বায়িং হাউজে চাকরি করেন। তাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তার বাবার নাম আবুল কাশেম। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকেন তারা।

এর আগে, সকাল ৯টা ১০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)।

উল্লেখ্য, গত ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights