মাগুরায় বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা
মাগুরা প্রতিনিধি
সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপি শহরে সমাবেশ ও পদযাত্রা করেছে। অন্যদিকে মাগুরা জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরে উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে মাগুরা জেলা বিএনপি শহরের দলীয় কার্যালয় থেকে সমাবেশ শেষে প্রতিটি অঙ্গ-সংগঠনসহ পদযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ শেষে ঢাকা রোড বাসস্ট্যান্ডে কর্মসূচি শেষ করে।
এর আগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায় আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল প্রমুখ। বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগের পর নির্দলীয় তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচনের দাবি করেন।
অন্যদিকে জেলা আওয়ামী লীগ তার অঙ্গ-সংগঠনসহ শহরের নোমানী ময়দানে সমাবেশ শেষে পৌনে ১২টার দিকে শহরে উন্নয়ন শোভাযাত্রা বের করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসের বাবলু প্রমুখ। বক্তারা সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে ও উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত, স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন।
