মাঝ আকাশে বেজে উঠল বিমানের ‘স্মোক অ্যালার্ম’, অতঃপর…

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশে মাঝ-আকাশে ‘স্মোক অ্যালার্ম’ বেজে ওঠায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার সকালে বারাণসী থেকে দিল্লিগামী বিমানটিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আইএক্স ১২৫৩ ফ্লাইটটি সকাল ৮টা ৫২ মিনিটে বারাণসী থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানে হঠাৎ ‘স্মোক অ্যালার্ম’ বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে সতর্ক হন পাইলট।

এরপর পাইলট লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। লখনউ এটিসি অনুমতি দেওয়ার পর বিমানটি নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আগে থেকেই জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়।

বিমান অবতরণের পর ১৫৫ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে বিমানটি ভালোভাবে পরীক্ষা করা হয়।

তবে প্রাথমিক পরীক্ষায় বিমানে ধোঁয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং সন্দেহজনক কিছু শনাক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কী কারণে ‘স্মোক অ্যালার্ম’ বেজে উঠেছিল, তা জানতে তদন্ত চলছে। সূত্র: আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights