মাঝনদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা ৩০ যাত্রী
অনলাইন ডেস্ক
খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা প্রায় ৩০-৩৫ যাত্রী নদীতে পড়ে গেলেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় সবাই উদ্ধার হন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর জেলখানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলখানা ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের উদ্দেশে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে মাঝনদীতে ট্রলারটির সংঘর্ষ হয়। ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান।
স্থানীয় মাঝিরা দ্রুত ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে যোগ দেন।
রূপসা নৌফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
