মাদক সংশ্লিষ্ট ভিডিও ভাইরাল, যুবদল নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক–সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এক ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদককে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক–সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সংগঠনের নজরে আসে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে সাংগঠনিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান বলেন, এর আগেও মন্টি শিকদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তবে সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে দলীয় তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে মন্টি শিকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights