মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

অনলাইন ভার্সন
মাদারীপুরে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়েছে। এ ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল একটি লোকাল বাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় বাসের চাপায় আহত নারী ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, আমরা বেলা সাড়ে ১১টার সময় খবর পাই এবং সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে এক মহিলা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights