মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে সোহরাব হাওলাদার বলেন, “শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমি উপদেষ্টা ছিলাম। কমিটি গঠনকে কেন্দ্র করে কেউ বিক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা চালিয়ে থাকতে পারে।”
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কী কারণে হামলা করেছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আর বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা দায়ের করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
