মানিকগঞ্জে অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের খেতে ব্যাপক ক্ষতি হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ রবিবার বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে।

মো. রুহুল আমীন বাবু নামে এক শিক্ষক বলেন, ‘বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম সবচেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে যে মরিচ ১০০ টাকা কেজি ছিল, আজ তা ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই।’

মানিকগঞ্জ সদর উপজেলার হেলাচিয়া এলাকার মরিচচাষি রহিজ উদ্দিন বলেন, ‘দুই বিঘা জমিতে মরিচের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে প্রায় সব মরিচ নষ্ট হয়ে গেছে। বিক্রি করে ঘরে টাকা তোলার আগেই সব শেষ হয়ে গেল। এর আগে পেঁয়াজ চাষেও ক্ষতির মুখে পড়েছি। একের পর এক ক্ষতি হলেও কেউ খোঁজ নেয়নি। কৃষি অধিদপ্তরে ফোন দিলেও অনেক সময় কেউ ফোন ধরেন না। দুর্যোগের সময় যদি কৃষকদের পাশে কেউ না থাকে, তাহলে ভবিষ্যতে অনেকেই মরিচ চাষ ছেড়ে ভুট্টাসহ অন্য ফসলের দিকে ঝুঁকবেন।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজাহান সিরাজ বলেন, জেলায় ১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হেক্টর জমির মরিচ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া আরও বেশ কিছু জমির মরিচ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ফোন না ধরার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights