মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিন পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে পুলিশের আরও তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই নিয়ে এই মামলায় বাদীসহ মোট ১৮ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আদালতে সাক্ষ্য দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন-সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কর্ন কুমার, শেখ ফরিদ ও মতিউর রহমান।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন জানান, আদালতে তিন পুলিশ কর্মকর্তা সাক্ষী দিয়েছেন। এর আগে মামলার বাদী, পুলিশ কর্মকর্তাসহ ১৮ জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীরা আদালতকে জানান, মামলার বাদী জান্নাত আরা ঝর্না তাদের বলেছেন, মামুনুল হক ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।
আসামি পক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, সাক্ষী ও এএসআই শেখ ফরিদ আদালতে দাঁড়িয়ে যে সাক্ষ্য দিয়েছেন এবং তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি যে জবানবন্দি দিয়েছেন, তার সাথে কোনো মিল নেই।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে এক নারীর সঙ্গে থাকা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্ট ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights