মার্কিন-ইসরায়েল হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতির দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যানটি এখনো চূড়ান্ত নয় এবং এর পরিমাণ আরও বাড়তে পারে।

ফাতেমেহ মোহাজেরানি উল্লেখ করেন, ইরানের মধ্যস্থতাকারী দল বর্তমানে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশেষ করে ইসলামাবাদের শান্তি আলোচনায় এই ইস্যুটি দৃঢ়ভাবে উত্থাপন করা হয়েছে। ইরানের বর্তমান নেতৃত্ব এই সংকট নিরসনে এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কয়েকটি কঠিন শর্ত আরোপ করেছে। যার মধ্যে অন্যতম হলো—হামলার কারণে হওয়া ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পরিশোধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকারের স্বীকৃতি এবং দেশটির ওপর থাকা সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

বিশ্লেষকদের মতে, ইরান শান্তি আলোচনার ক্ষেত্রে একটি ‘সর্বোচ্চ দাবির’ কৌশল গ্রহণ করেছে। একদিকে যেমন ক্ষয়ক্ষতির বিশাল অঙ্ক সামনে আনা হয়েছে, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ও অর্থনৈতিক অবরোধমুক্ত হওয়ার বিষয়টিকেও আলোচনার টেবিলে প্রধান শর্ত হিসেবে রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ছয় সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে ইরানের এই নতুন দাবি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়। মূলত নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মেরুদণ্ড পুনর্গঠনের লক্ষ্যেই তেহরান এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights