মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত

অনলাইন ডেস্ক
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের বিমান চলাচল খাত আরও বড় ধাক্কার মুখে পড়েছে। ইরানি এয়ারলাইনগুলোর সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও আমিরাত থেকে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি এয়ারলাইনগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগে নতুন সংকট তৈরি করেছে। দুবাই ইরানি এয়ারলাইনগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। সেখানে ইরানের বড় প্রবাসী জনগোষ্ঠী রয়েছে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক ও ভ্রমণ যোগাযোগও রয়েছে। বৃহস্পতিবার তেহরান থেকে দুবাইগামী ইরান এয়ারট্যুরের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের কিছু আগে বাতিল করা হয়। যাত্রীদের টিকিট ইতোমধ্যে ইস্যু করা হয়েছিল বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখাভান জানিয়েছেন, আমিরাতের সঙ্গে কূটনৈতিক ও বিমান চলাচল–সংক্রান্ত আলোচনা চলছে। নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবার ফ্লাইট চালুর বিষয়ে সমাধান খোঁজা হচ্ছে। একই সময়ে তুর্কমেনিস্তানও তেহরান থেকে দুশানবেগামী একটি ইরানি ফ্লাইটকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে বিমানটি তেহরানে ফিরে যেতে বাধ্য হয়।

একের পর এক দেশের নিষেধাজ্ঞা

আমিরাতের আগে ওমান, ইরাক, আজারবাইজান, জর্জিয়া ও তুর্কমেনিস্তানও ইরানি বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বা ফ্লাইট স্থগিত করেছে। ইরাকের বাগদাদ ও নাজাফের পর শুক্রবার এরবিল ও সুলাইমানিয়াহ বিমানবন্দরও ইরানি ফ্লাইট স্থগিত করে। ফলে ইরানের সঙ্গে যেসব চারটি ইরাকি বিমানবন্দরে ফ্লাইট চলত, সবগুলোতেই এখন তা বন্ধ রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

এই পরিস্থিতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নীতি। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করে। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ২৭টি এয়ারলাইন এবং তাদের সহায়তাকারী বিভিন্ন কোম্পানিকে লক্ষ্য করে ব্যবস্থা নেয়। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ছিল, ইরানি নিষেধাজ্ঞাভুক্ত এয়ারলাইনকে বিমানবন্দর, জ্বালানি, স্থলসেবা বা অন্যান্য সহায়তা দেওয়া প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে ইরানের সঙ্গে সরাসরি ব্যবসা না করা তৃতীয় দেশের কোম্পানিগুলোর ওপরও চাপ তৈরি হয়েছে।

ইরানের বিমান চলাচল খাতে এর প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। আলজাজিরার এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে ইরান থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সক্ষমতা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ কমে যায়। নতুন বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক যাত্রীদের একটি অংশকে তুরস্ক ও আর্মেনিয়ার মতো দেশের স্থল সীমান্ত ব্যবহার করতে হচ্ছে।

পাল্টা হুমকি তেহরানের

ইরানি কর্মকর্তারা এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করবে, তাদের বিমানবন্দরও ইরানের সঙ্গে বিমান চলাচল থেকে বঞ্চিত হতে পারে। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবেরও সতর্ক করে বলেছেন, ইরান যদি উড়তে এবং বিমানবন্দরসেবা পেতে না পারে, তাহলে অঞ্চলটির অন্য দেশগুলোর ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে ইরানের সঙ্গে চীন ও আর্মেনিয়ার কিছু বিমান যোগাযোগ এখনো চালু রয়েছে। তুরস্কের সঙ্গেও কিছু রুট সচল আছে। তবে এসব রুটেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। বিশ্লেষকদের মতে, ইরানের বিমান যোগাযোগে এই চাপ দেশটির অর্থনীতির পাশাপাশি পর্যটন ও সংশ্লিষ্ট খাতেও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ও ভ্রমণ খাতে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তথ্য সূত্র- আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights