মার্কিন বাহিনী হরমুজে যাবে না: হেগসেথ

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা এবং ‘মার্কিন সেনারা আশপাশেই থাকবে’- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয় তার কাছে।

জবাবে হেগসেথ বলেন, “আমরা কোথাও যাচ্ছি না।”

তিনি বলেন, ইরান যেন যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলে এবং চুক্তির আলোচনায় অংশ নেয়, তা নিশ্চিত করবে মার্কিন সেনারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সেনারা আগের অবস্থানেই থাকবে, প্রস্তুত থাকবে এবং সতর্ক থাকবে; যেন প্রয়োজন পড়লে মুহূর্তের নোটিশে পুনরায় সবকিছু শুরু করা যায়।

হরমুজ প্রণালীর বিষয়ে যুদ্ধবিরতির শর্ত উল্লেখ করে হেগসেথ বলেন, ইরান এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। তিনি বলেন, এটি কার্যকর হতে যাচ্ছে, জাহাজগুলো সেখানে চলাচল করবে।

হেগসেথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম তুলে ধরেন। তিনি বলেন, “এই নতুন সরকারের সামনে কোনো বিকল্প বা সময়- কোনওটিই অবশিষ্ট ছিল না, তাই তারা একটি চুক্তিতে এসেছে। তারা জানে, এই চুক্তির অর্থ হলো তারা আর কখনওই পারমাণবিক অস্ত্র হাতে পাবে না।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ৪০ দিনেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ শতাংশ যুদ্ধশক্তি ব্যবহার করে দেশটি ‘বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীকে’ গুঁড়িয়ে দিয়েছে।

তিনি দাবি করেন, ইরান নিজেকে রক্ষা করতে অক্ষম প্রমাণ হয়েছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী প্রতিটি লক্ষ্য অর্জন করেছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights