মার্কিন ভিসায় আসছে নয়া বিধি
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্যুরিস্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া এবং ১০ বছরের ইমেইল ব্যবহারের তথ্যসহ স্বজনদের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা বাধ্যতামূলক করে একটি বিধি করা হচ্ছে। এজন্য গতকাল ফেডারেল রেজিস্টারে বিষয়টি নোটিস আকারে প্রকাশ করা হয়েছে। ৬০ দিনের মধ্যে জনমত যাচাইয়ের কাজ শেষ হলে বিধিটি আইনে পরিণত হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। প্রস্তাবিত বিধিটি আইনে পরিণত হলে তার আওতায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের যে ২৯টি দেশের নাগরিকের ভিসা লাগে না, তাদেরও দুই বছরের জন্যে ৪০ ডলার ফি দিয়ে ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন’ (ইএসটিএ) সংগ্রহ করতে হবে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্যাট্রলের (সিবিপি) কর্মকর্তারা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার পাঁচ বছরের কর্মকাণ্ড অবাধে অবলোকন করা যায়- এমন পন্থা অবলম্বন করতে হবে ভিসা প্রার্থীদের। এটা বাধ্যতামূলক হবে সব ট্যুরিস্ট/নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রার্থীর জন্য।
