মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একটি অত্যন্ত দুর্গম সামরিক রাডার ঘাঁটিতে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে এবং এতে বিমানে থাকা সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলের কেপ নিউনহাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে নামার মুহূর্তে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে, যা মূল শহর এঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্বে থাকা এসব ব্যক্তির হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মার্কিন এয়ার ফোর্স ও আলাস্কা কমান্ড।

এক আনুষ্ঠানিক বার্তায় আলাস্কা কমান্ড, আলাস্কা নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড রিজিয়ন এবং ১১তম এয়ার ফোর্সের কমান্ডার মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেন, আমাদের সামরিক পরিবার এবং আমরা যে জনগোষ্ঠীর সেবা করি, তাদের জন্য এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বড় ধরনের ক্ষতি। বিধ্বস্ত এই বিমানে অবস্থানরত ব্যক্তিরা একটি সুনির্দিষ্ট মিশনে নিয়োজিত ছিলেন। ডেভিস তাদের বর্ণনা দিয়ে বলেন, তারা ছিলেন একদল নিবেদিতপ্রাণ পেশাদার, যারা একটি চ্যালেঞ্জিং পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এই কঠিন সময়ে আমাদের একমাত্র অগ্রাধিকার হলো তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করা। একই সঙ্গে আমরা অনুসন্ধান ও উদ্ধারকাজে দ্রুত এবং নিরলস ভূমিকা রাখা পেশাদার দলগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত করে জানান, উড়োজাহাজটিতে দুইজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন। বিমানটি এঙ্করেজ থেকে উড্ডয়ন করেছিল এবং বৃহস্পতিবার বিকেলের শুরুর দিকে কেপ নিউনহামে অবতরণের জন্য এগিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

আলাস্কা কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেপ নিউনহামের এই বিশেষ রাডার স্টেশনটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজোনাল সাপোর্ট সেন্টার দ্বারা পরিচালিত হয়ে থাকে। এটি মূলত একটি রিমোট রাডার নেটওয়ার্কের অংশ, যা আলাস্কার আকাশসীমা এবং সীমান্ত দিয়ে চলাচলকারী সকল বিমানের গতিবিধি ও তথ্য পর্যবেক্ষণ করে থাকে। দুর্ঘটনার শিকার বিমানটিকে একটি সাধারণ ‌‘বেসামরিক চুক্তিবদ্ধ বিমান’ (সিভিলিয়ান-কন্ট্রাক্টেড এয়ারক্রাফট) হিসেবে উল্লেখ করা হলেও, বিমানে থাকা যাত্রীরা ঠিক কী ধরনের নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত ছিলেন সে বিষয়ে বিশদ কোনো তথ্য এখনো প্রকাশ করেনি সামরিক কর্তৃপক্ষ।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights