মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
মালদ্বীপে মেজবাহ উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজধানী মালের সিট্রন বাই লেমনগ্রাস কোম্পানির স্টাফ কোয়ার্টার থেকে স্থানীয় প্রশাসন তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন একই প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কবির আহমেদ।

তিনি জানান, মেজবাহ উদ্দিন কোম্পানির স্টাফ কোয়ার্টারে অন্যান্য সহকর্মীদের সঙ্গে থাকতেন। রাতের দিকে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়।

মেজবাহ ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভোরের বাজার এলাকার মাহাদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোজিবুল হক (সুরুজ মিয়া)।

নিহতের মামা মো. জহিরুল ইসলাম বলেন, জীবিকার সন্ধানে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেজবাহ মালদ্বীপে যান। মেজবাহ কিছু ব্যক্তিগত ও মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন এবং মালদ্বীপ পুলিশের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights