মিগজাউম: ভারী বৃষ্টিতে চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু, বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক

তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরিতে ঝড়ের প্রভাব পড়তে পারে।

এরই মধ্যে চেন্নাইয়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক আবাসিক এলাকা। সোমবার পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর- এনডিটিভি।

চেন্নাইয়ে প্রবল বর্ষণে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে, মঙ্গলবার দুপুর ১২ টার পর পরিস্থিতির উন্নতি হবে। চেন্নাই বিমানবন্দর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। রাজ্য সরকার চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে। বেসরকারি সংস্থার কর্মীদের যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করার জন্য বলা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সোমবার রাত ৯টা পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। এটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। সে কারণে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরম জেলার কাছে বাতাসের গতিবেগ ধীরে ধীরে কমছে। তামিলনাড়ু উপকূলের কাছে আরও কমবে। ধীরে ধীরে বাড়বে অন্ধ্র প্রদেশের দিকে। মঙ্গলবার সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ এমন চলবে।

তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ছোট ও মাঝারি গাছ উপড়ে পড়তে পারে। মাটির ঘরে বড় আকারের ক্ষতি হতে পারে। এছাড়া টেলিফোন ও বৈদ্যুতিক খুঁটির ক্ষতির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাত হবে। ঝড়ের কারণে জলোচ্ছ্বাসে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights