মিথ্যা ধর্ষণের মামলার বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সংঘবদ্ধ ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলাকারী নারীকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে বরিশালের একটি আদালত। বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আরেক নারী মামলাটি করেন।
ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম নালিশি অভিযোগ গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।
গ্রেফতারি পরোয়ানার আসামি ও মিথ্যা ধর্ষণ মামলার বাদী হলেন সাবিনা বেগম। সে বরিশালের মুলাদীর চরলক্ষ্মীপুর গ্রামের মো. বাবুল মিয়ার কন্যা।
মামলার বাদী হলেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়নী গ্রামের আব্দুল গনির স্ত্রী নুর বানু।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাদী নুর বানুর ছেলে কামাল হোসেন গাজীপুর থাকার সময় আসামি সাবিনা বেগমকে অপর পুরুষের সাথে অনৈতিক অবস্থায় দেখতে পায়। তাই তাকে হয়রানি করতে সাবিনা বেগম বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় বাদীসহ চারজনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন।
বন্দর থানার এসআই মুস্তাফিজুর রহমান ২০২৩ সালের ২৯ এপ্রিল মামলায় আনা অভিযোগ মিথ্যা হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেন। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করার পর ওই মামলা করেন বাদী।
