মিথ্যাচার করাই বিএনপির স্বভাব : এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি মিথ্যা দিয়ে সরকারের উন্নয়নকে ঢেকে রাখতে চায়। কিন্তু সত্যকে কোনো দিনই মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। তেমনি সরকারের উন্নয়নকে ষড়যন্ত্রকারীরা কোনো দিন ঢেকে রাখতে পারবে না। পদ্মাসেতুকে নিয়েও বিএনপি মিথ্যাচার করেছিল কিন্তু কোন লাভ হয়নি। তাদের মুখে চুনকালি মাখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে শরীয়তপুরের নড়িয়ায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাউন্ডেশনের আওতায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, মিথ্যাচার করাই বিএনপির স্বভাব। এ দলটির মিথ্যার মধ্যে দিয়েই জন্ম হয়েছিল। এজন্যই আজ তাদের রাজনীতির করুণ অবস্থা। বারবার জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।
এর আগে সখিপুরের দক্ষিণ তারাবুনিয়ায় এমএ রহিম নান্নু মাল সড়কের উদ্বোধন করেন এবং নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। পরে নড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসব অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights