মিরাজদের সামনে এবার নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে। এবার সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ৪২ ওয়ানডেতে বাংলাদেশের জয় ৭টি এবং পাকিস্তানের ৪২টি। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের পর মেহেদি হাসান মিরাজদের নেতৃত্বে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ানডে সিরিজ সালমান আগার নেতৃত্বে পাকিস্তান ফিরে গেছে দেশে। মে মাসে ফের ঢাকায় আসবে ২ টেস্ট ম্যাচ সিরিজ খেলতে। ওয়ানডে সিরিজ শেষে মিরাজ বাহিনী এখন বিশ্রামে। ঈদের পর পুনরায় মাঠে ফিরবেন টাইগার ক্রিকেটাররা। ব্যস্ত হয়ে পড়বেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে। সিরিজ দুটি খেলতে টি-২০ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড ঢাকায় পা রাখবে ১৩ এপ্রিল। টি-২০ সিরিজের তুলনায় ওয়ানডে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশকে আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ ৯ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ৪ নম্বরে এবং নিউজিল্যান্ডের অবস্থান দুইয়ে। নিউজিল্যান্ডকে সিরিজে হারালে বড় পুরস্কার পাবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে নিউজিল্যান্ড ঢাকায় পা রাখবে ১৩ এপ্রিল। সফরের শুরুতে ওয়ানডে সিরিজ খেলবে। ১৭ ও ২০ এপ্রিল ম্যাচ দুটি মিরপুরে, ২৩ এপ্রিলের ম্যাচ চট্টগ্রামে। টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল, সন্ধ্যা ৬টায়। ২ মে তৃতীয় টি-২০ ম্যাচ মিরপুরে বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড পরস্পরের বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ৪৬টি। টাইগারদের জয় ১১ ও ব্ল্যাকক্যাপসরা জিতেছে ৩৪টি। একটিতে ফল হয়নি। দুই দল টি-২০ খেলেছে ২০টি। বাংলাদেশের চার জয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় ১৫টি। একটিতে কোনো ফল হয়নি। দুই দেশ এখন পর্যন্ত ওয়ানডে সিরিজ খেলেছে ১১টি। ১২তম সিরিজ খেলবে এবার। ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে আতিথিয়েতা দিয়েছে বাংলাদেশ পাঁচবার এবং একবার সিরিজ জিতেছে ২০১০-১১ মৌসুমে। সব মিলিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে দুবার এবং বাকি ৯ বার হেরেছে। দুই দেশ টি-২০ সিরিজ খেলেছে ছয়টি। ২০২১ সালে ৩-২ ব্যবধানে ঘরের মাটিতে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ব্ল্যাকক্যাপসরা এবার নিয়ে তৃতীয়বার টি-২০ সিরিজ খেলতে আসবে বাংলাদেশে।

বাংলাদেশের অপেক্ষাকৃত কম শক্তির দল নিয়ে আসবে ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ড যখন বাংলাদেশ সফরে থাকবে, তখন আইপিএল চলবে। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের মধ্যে মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র. গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ফিন অ্যালেন, কাইলি জেমিসন, জ্যাকব ডাফি, লকি ফার্গুসনরা ব্যস্ত থাকবেন আইপিএলে। এ ছাড়া পিএসএলও চলবে সে সময়। পিএসএলে ব্যস্ত থাকবেন মার্ক চ্যাপম্যান ও ড্যারেল মিচেল। পাকিস্তানের সিরিজ জয়ের পর বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। সেটা মাথায় রেখেই টাইগার অধিনায়ক মিরাজ বলেন, ‘প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় রাখতে হবে, ২০২৭ বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করতে হবে। এজন্য প্রতিটা সিরিজ, প্রতিটা ম্যাচ আমাদের জন্য অনেক জরুরি। আমরা ওভাবেই চিন্তা করব, কীভাবে আমরা সিরিজ জিততে পারি, ম্যাচ জিততে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights