মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার নতুন করে চারদিনের রিমান্ডে আছেন। ওই আশ্রমে আশ্রিত শিশু, অসহায় বৃদ্ধ, ভারসাম্যহীন মানুষগুলোর দেখভালের দায়িত্ব নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এর কর্ণধার আমাদের কাছে গতকাল এসেছিলেন। তিনি ওই আশ্রমে রেখেই আশ্রিতদের সেবা দেবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে বর্তমানে ৪৫ জন শিশু আছে বলে আদালতকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার।
আদালতে মিল্টন সমাদ্দারের আর্জির ব্যাপারে জানতে চাইলে ডিবি প্রধান হারুন বলেন, আমরা মিল্টন সমাদ্দারকে নতুন মামলায় চারদিনের রিমান্ডে নিয়েছি। তার বিরুদ্ধে অনেক লোমহর্ষক তথ্য আমরা পেয়েছি। তদন্ত চলমান। তদন্ত শেষ না করে কিছু বলা ঠিক হবে না।

হারুন বলেন, আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি। তিনি গতকাল আমাদের এখানে এসেছিলেন। আমরা তাকে অনুরোধ করেছি। প্রতিষ্ঠানের নাম আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের কর্ণধার মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামক আশ্রমের পুরো দায়িত্ব নিতে রাজি হয়েছেন। সব খরচ তিনি বহন করবেন। ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের আশ্রিত গরীব, অসহায় মানুষগুলোকে সেবা সেখানেই দেবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। আপাতত এটা চলবে। পরে অন্য চিন্তাভাবনা করবো।

মিল্টন সমাদ্দারের মাদক সেবনের ব্যাপারে কী ধরনের তথ্য পেয়েছেন? জানতে চাইলে হারুন বলেন, তিনি যে মাদক সেবন করেন, ইয়াবা খান সেটি তো তিনি নিজেই স্বীকার করেছেন। তার আশ্রমে যারা মারা গেছেন, তাদের ডেথ সার্টিফিকেট নিজেই দিতেন, ডাক্তারের সিল স্বাক্ষর জালিয়াতি করতেন। তদন্ত শেষ হলে এ ব্যাপারে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights