মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

ছয় ঋতুর বাংলাদেশে এখন বইছে শরৎকাল। তারপরও বর্ষার স্নিগ্ধতার রেশ রয়েছে প্রকৃতিতে-খালে-বিলের থইথই জলের ওপর ফুটে থাকা শাপলা ফুলে। শরতের সকালে শুভ্র নীল আকাশে সবেমাত্র উঁকি দিচ্ছে কুসুম সূর্য। সেই সূর্য শাপলার সবুজ পাতা আর লাল পাপড়িতে জমে থাকা শিশিরে ধরা দিয়েছে চিকিমিকি মুক্তা হয়ে। সেই সৌন্দর্য উপভোগ করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের শেখ বাড়ির টোডা শাপলা বিলের ধারে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পূর্বাঞ্চলে ভারতীয় সীমান্তঘেঁষা বিজয়নগর উপজেলা। উপজেলায় টোডা বিল লাল শাপলায় বর্ণিল সাজে সেজেছে এক অপরূপ সৌন্দর্যে। নতুন পর্যটন স্পষ্ট হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে এ লাল শাপলা বিল। এ বিলে প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমী তরুণ তরুণীরা আসছেন। উপজেলার ছতুরপুর শেখবাড়ি এলাকার এই বিল খ্যাতি পাচ্ছে লাল শাপলার বিল নামে। রোদের তাপে নুইয়ে পড়ে বলে ভোরের সূর্য ওঠার আগেই লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন নানা প্রান্তের প্রকৃতিপ্রেমীরা। সরেজমিন দেখা গেছে, প্রতিদিন ভোরে দূরদূরান্ত থেকে শত শত প্রকৃতিপ্রেমী ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য দেখতে ছুটে আসছেন ছতুরপুর এলাকার শেখবাড়ি টোডা বিলে। কেবল সৌন্দর্য উপভোগই নয়, এই লাল শাপলা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎসও। বিল থেকে শাপলা ও শালুক আহরণ করে হাটবাজারে বিক্রি করে জীবিকানির্বাহ করছেন কেউ কেউ। তবে বিলে নৌকা না থাকায় আগত দর্শনার্থীরা তেমন ঘুরতে পারছেন না। পাড় থেকে দাঁড়িয়ে বিলের সৌন্দর্য উপভোগ করছেন তারা।

দর্শনার্থী সুমন গতকাল বলেন, আমি বন্ধুদের সঙ্গে এখানে লাল শাপলা দেখতে এসেছি। দেখে অনেক ভালো লাগল। তবে নৌকা না থাকায় বিলের মধ্যে ঘুরতে পারছি না। যদি বিলে ঘোরা যেত তাহলে আরও ভালো লাগত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ফারজানা বলেন, এখানে প্রথম এসেছি। বিলের শাপলা দেখে আমি মুগ্ধ হয়েছি। বিলের মাঝখানে যাতায়াতের ব্যবস্থা ভালো হলে আরও দর্শনার্থী আসবে।

ছতুরপুর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আগে এখানে মানুষ আসত না। এখন লাল শাপলা দেখে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে আসছেন। সবাই তাদের ইচ্ছামতো ছবি তুলছেন। দর্শনার্থী নাসরিন জাহান বলেন, বিলে এত লাল শাপলা দেখে মুগ্ধ হয়েছি। পুরো বিল যেন লাল শাপলায় ভরে আছে। হাজার হাজার লাল শাপলা ফুটেছে। প্রকৃতি যেন অন্যরকম সাজে সেজেছে। দেখতে খুবই সুন্দর লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights