মুন্সিগঞ্জে টহল পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ২
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটিতে থাকা অবস্থায় পুলিশের টহল গাড়িতে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এসআইসহ দু’জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। এর আগে, শনিবার দিবাগত রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-গজারিয়া থানার এসআই বিজন বাড়ৈ ও গাড়ি চালক মো. দিদার।
ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া কিলো-৩ টহল ডিউটিতে ছিলেন। এ সময় তেতৈতলা এলাকায় ইউটার্ন করার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।
এসময় পুলিশের গাড়ির সামনে এবং পেছনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন। কাভার্ডভ্যান এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
