মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গতকাল অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে লৌহজং উপজেলায় বৃদ্ধা চাঁন বানু (১০৩ বছর) বার্ধক্যকে জয় করে পালকিতে চড়ে এসে ভোট দিয়েছেন। উপজেলার হলদিয়া ইউনিয়নে এ দিন দুপুরে ৯ নম্বর ওয়ার্ড পূর্ব শিমুলিয়া গ্রামের একটি ভোট কেন্দ্রে এ বিরল দৃশ্য দেখা যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ভোটাররা জানিয়েছেন, পালকিতে চড়ে ভোট দিতে এসে ওই বৃদ্ধা যেন এক হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছেন। বার্ধক্যের কারণে হাঁটতে অক্ষম চাঁন বানু তাঁর ভোটাধিকার প্রয়োগের ইচ্ছার কথা পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী একটি পালকি সাজিয়ে তাতে করে তাঁকে ভোট কেন্দ্রে নিয়ে যান। চাঁন বানুর পারিবারিক ঐতিহ্যও স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত। তিনি ওই এলাকার মরহুম রহমান শেখের স্ত্রী। তাঁর এক ছেলে অতীতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এ বয়সেও ভোটের প্রতি তাঁর গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ১০৩ বছর বয়সেও চাঁন বানুর এমন সজাগ উপস্থিতি বর্তমান প্রজন্মের ভোটারদের জন্য বড় অনুপ্রেরণা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় চাঁন বানুর মুখে ছিল তৃপ্তির হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights