মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলার ডুবে ৭ মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন
মুন্সীগঞ্জের লৌহজংয়ের ডহুরী গৌরগঞ্জ খালের রসকাটি নামক স্থানে ট্রলার এবং বাল্কহেডের সংঘর্ষে নারী-শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ , তিনজন মহিলা ও দুইজন শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আটজন। ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে প্রায় অর্ধশত লোক নিয়ে পিকনিকের ট্রলারের সাথে বালু বোঝাই বাল্কহেডের সংঘর্ষে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদের বা নিখোঁজ কারোর নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে নিখোঁজদের বাড়ি সিরাজদিখান থানার লতুব্দী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ঈমাম হোসেন জানান, উদ্ধার হওয়া মরদেহ স্থানীয় লৌহজং থানায় রাখা হয়েছে। মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশের ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছে। তবে ট্রলারটি বাল্কহেডের নীচে রয়েছে বলে জানা গেছে।
