মুন্সিগঞ্জে ৭০ ঘর বরাদ্দের অপেক্ষায়
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত ৭০টি গৃহ বরাদ্দের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন। তিনি সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নবনির্মিত ৭০ টি গৃহ আগামী ৯ আগস্ট গৃহীনদের মাঝে হস্তান্ত করা হবে বলে জানান।
এসময় তিনি আরো জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশী ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর দেশের গৃহহীন-ভূমিহীন পরিবার পুনর্বাসনের মতো জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়ে। বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ ২১ বছর পর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধুর জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমগুলো পুনরায় শুরু করেন।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মুন্সীগঞ্জ জেলার ৬ (ছয়) টি উপজেলায় ‘ক’ তালিকার ভূমিহীন পরিবার রয়েছে ১৩৫৩ টি। এদের মধ্যে ১ম পর্যায়ে ৫০৮টি, ২য় পর্যায়ে ৩২৫টি, ৩য় পর্যায়ে ৭২টি পরিবারের জন্যে ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে এবং পূর্ব পর্যায়ে ২৮২টি পরিবারের অনুকূলে গৃহ ও জমি প্রদান কার্যক্রম চলছে।
বর্তমানে উদ্বোধনযোগ্য ঘরের সংখ্যা ৭০টি (সিরাজদিখান পজেলায় ৩৪টি, শ্রীনগর উপজেলায় ২১টি এবং লৌহজং উপজেলায় ১৫টি)। প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট মুন্সীগঞ্জ জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত এই ৭০টি ঘর এর উদ্বোধনের মাধ্যমে গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন। এছাড়া টংগিবাড়ী ও শ্রীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।
এসময় আরও উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. মাহমুদ আল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রিগ্যান চাকমাসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ।
