মুন্সীগঞ্জে জাকাতের অর্থ ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে জাকাত বোর্ডের বিশেষ বরাদ্দের অর্থ এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা জাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, ইসলামিক ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাহাবুদ্দীন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও অংশীজনরা।
বক্তারা বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিধান। এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি বৈষম্য কমানো সম্ভব। একই সঙ্গে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ কর্মসূচি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, জাকাতের অর্থ স্বচ্ছ ও যথাযথভাবে বণ্টনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগকে আরও কার্যকর করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষপর্বে জেলা প্রশাসক জাকাতের অর্থের চেক এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক উপকারভোগীদের হাতে তুলে দেন।
