মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগান কার্তুজ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুট হওয়া ৫০টি শটগান কার্তুজ-সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। বুধবার (২৬ আগস্ট) রাতে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি দল রাত পৌনে ৮টার দিকে মধ্য বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পতিত জমিতে অবস্থিত একটি পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে নারিকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালিয়ে ৫০টি শটগান কার্তুজ-সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদের অংশ।
র্যাব জানায়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীনগরে অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা কার্তুজগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।
