মুস্তাফিজের স্লোয়ার শিখতে চেয়েও ব্যর্থ হলেন নিশাম
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ারে মুগ্ধ নন এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। সময়ের সঙ্গে অনেক বোলারের অস্ত্রের ধার কমলেও মুস্তাফিজের জাদুকরী স্লোয়ার এখনো আগের মতোই কার্যকর।
সম্প্রতি আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে মুস্তাফিজের সঙ্গে সতীর্থ হিসেবে পান নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। অনুশীলনের ফাঁকে টাইগার কাটার মাস্টারের বিখ্যাত স্লোয়ার শিখতে চেষ্টা করেন নিশাম। তবে অল্প চেষ্টাতেই বুঝে যান, তার হাত এ ধরনের ডেলিভারির জন্য উপযোগী নয়।
বর্তমানে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে বাংলাদেশে রয়েছেন নিশাম। বাংলাদেশে এসে মুস্তাফিজকে নিয়ে প্রশংসা করেন তিনি।
নিশাম বলেন, ‘মুস্তাফিজুর রহমান একজন অসাধারণ বোলার। আইপিএল নিলামেই দেখা গেছে তার চাহিদা কতটা বেশি। আমি তার কাছ থেকে বিখ্যাত স্লোয়ার শেখার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাত এ ধরনের ডেলিভারির জন্য উপযুক্ত নয়।’
বিপিএল শেষে সামনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দল নিয়ে কথা বলতে গিয়ে নিশাম স্মরণ করেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেই ঐতিহাসিক ম্যাচের কথা, যেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
এ প্রসঙ্গে নিশাম বলেন,‘২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল। সাকিব-রিয়াদের সেই জুটি ছিল অবিশ্বাস্য। বড় টুর্নামেন্টে বাংলাদেশ সবসময়ই বিপজ্জনক দল।’
