মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সহিংসতায় নিহত ১৯২

অনলাইন ডেস্ক

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে মাদক কারবারিরা। চলমান এ সহিংসতায় কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাজ্যে গত সপ্তাহে ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) সিনালোয়া স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিলের বরাত দিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করে তুর্কি গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে সংঘর্ষ চলছে, এতে প্রায় ২০০টি খুন এবং ২২৬টি নিখোঁজ ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে। এছাড়াও সংঘর্ষে প্রায় ২০০ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, ১৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত ২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন।
সিনালোয়ার গভর্নর রুবেন রোচা ময়া বলেন, ‘ন্যাশনাল গার্ড, এয়ার ফোর্স, নেভি এবং স্টেট পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, যারা আমাদের সহিংসতা থামাতে সাহায্য করছে। তবে দুর্ভাগ্যবশত, আমরা এখনও বলতে পারছি না যে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশা করছি তারা আমাদের সাহায্য করবে।’

সম্প্রতি, সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা এবং কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গ্রেফতার হন। এরপর থেকে এ সংঘর্ষ বাধে, যা এখনও চলমান। ৭০ বছর বয়সী জাম্বাদাকে মার্কিন কর্তৃপক্ষ এল পাসো, টেক্সাসে হেফাজতে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্য চ্যাপিটোস নামক কার্টেলের দ্বিতীয় বৃহত্তম শক্তি এল চ্যাপোর ছেলে এবং উত্তরাধিকারীরা দখল শুরু করে এবং আগুন জ্বালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights