মেঘনায় বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে স্বপন মিয়া (৩৩) নামে এক নৌ-শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে তাকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।
নিখোঁজ স্বপন মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি এমভি আল্লাহ ভরসা-৪ নামে একটি বাল্কহেডে সুকানি হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি বাল্কহেড নোঙ্গর করা ছিল। স্বপন যে বাল্কহেডে কাজ করতেন সেটি নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল। অন্য একটি বাল্কহেডের উপর দিয়ে সেখানে যেতে হতো। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্বপন অন্য একটি বাল্কহেড থেকে লাফ দিয়ে তার বাল্কহেড যাবার সময় নদীতে পড়ে যাযন। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পরও পাওয়া না যাওয়ায় বিষয়টি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইন উদ্দিন বলেন, নিখোঁজ নৌ শ্রমিকের সন্ধানে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছি আমরা। এখনো পর্যন্ত তার কোন হাদিস পাওয়া যায়নি।
