মেড ইন পাকিস্তান প্রদর্শনীতে ভিড়
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে চলছে ‘চতুর্থ মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর আজ শেষ দিন। গতকাল ছুটির দিন থাকায় প্রদর্শনীতে উপচে পড়া ভিড় দেখা যায়। প্রদর্শনীতে তৈরি পোশাক, কসমেটিকস, ক্রীড়াসামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য ও সুগন্ধিসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। এবারের প্রদর্শনীতে পাকিস্তানের বিভিন্ন খাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করা এবং নতুন ব্যবসায়িক অংশীদারি তৈরি করা। আয়োজকরা জানান, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। লজিস্টিকস, সাপোর্ট, হসপিটালিটি, এয়ারলাইনস ও ভেন্যু পার্টনার হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠান এতে যুক্ত রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো গেলে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হতে পারে। প্রদর্শনীতে অংশ নেওয়া কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় নতুন আমদানি, রপ্তানি ও বিনিয়োগ উদ্যোগের ক্ষেত্র তৈরিরও আশা দেখছেন দুই দেশের ব্যবসায়ীরা।
